উপদেষ্টাকে প্রবেশে বাধা, ভারতীয় প্রতিনিধিকে তলব ঢাকার
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের হাইকমিশনের একজন প্রতিনিধিকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ে তাকে ডেকে ঘটনার বিষয়ে বাংলাদেশের অসন্তোষ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অগ্রহণযোগ্য ও দুঃখজনক হিসেবে দেখছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আইওআরএর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার দিল্লিতে পৌঁছান জাহেদ উর রহমান। যদিও বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার সফরের বিষয়ে অবহিত করেছিল, তবুও বিমানবন্দরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে অনুমোদন মিললেও তিনি দিল্লিতে না থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
