২০২০ সালের শেষ দিকে আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এবার তা পুনরায় যুক্ত কর...
২০২০ সালের শেষ দিকে আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এবার তা পুনরায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই এ পরিকল্পনা ছিল। গত বছরের ৭ এপ্রিল এ বিষয়ে একটি আদেশ জারি হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি।
এদিকে পাসপোর্টের ডিজাইনেও বড় পরিবর্তন আনা হচ্ছে। নতুন পাসপোর্টে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি, বঙ্গভবন, জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, আমবাগান, টাঙ্গুয়ার হাওর, নীলগিরি ও পানাম নগরীসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনার ওয়াটারমার্ক যুক্ত করা হবে। পাশাপাশি কক্সবাজার সমুদ্রসৈকতের নৌকার বর্তমান ছবিটিও পরিবর্তন করা হচ্ছে।
অন্যদিকে নতুন ডিজাইন থেকে ধানমন্ডি ৩২ নম্বর, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, কান্তজিউ মন্দির, যমুনা সেতু, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মুজিবনগর স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হচ্ছে।