কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বিভিন্ন সড়ক ও জেটিঘাটে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বিভিন্ন সড়ক ও জেটিঘাটে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং কারা এ কাজ করেছে, তা খোঁজ নেওয়া হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, একদল মাদ্রাসাশিক্ষার্থী এসব পতাকা টাঙিয়ে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে জানা যায়, ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি করা হয়েছে।
সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজন বলেন, ইসলাম ও কালেমার প্রতি ভালোবাসা থেকেই তারা এ কাজ করেছেন। তাদের দাবি, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে পরে কিছু পতাকা খুলে ফেলা হলে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানান।
এদিকে স্থানীয় অনেকের মতে, হঠাৎ এমনভাবে পতাকা টাঙানোয় মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাই পুরো বিষয়টি সঠিকভাবে তদন্ত করা দরকার বলে তারা মনে করছেন।