ব্রাজিলের তারকা রোনালদিনহো আবারো মাঠে নামবেন
রাভেনার সঙ্গে চুক্তি করে আবারও আলোচনায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। প্রথমে ইতালির তৃতীয় বিভাগের ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী এই তারকা মূলত প্রচারণা ও ব্র্যান্ডিং কার্যক্রমে ভূমিকা রাখবেন। তবে এখন ক্লাব কর্তৃপক্ষ তার মাঠে ফেরার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করছে না।
ইতালিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৩ জুন মায়ামিতে এক অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে রাভেনা। ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা বলেছেন, রোনালদিনহোকে দলে পাওয়াটা তাদের জন্য বড় অর্জন। তিনি খেলবেন কি না, তা সময়ই বলে দেবে।
২০১৫ সালে শেষবারের মতো পেশাদার ফুটবলে খেলেছিলেন রোনালদিনহো। এরপর বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও লিজেন্ডস ইভেন্টে অংশ নিলেও প্রতিযোগিতামূলক ফুটবলে আর দেখা যায়নি তাকে। তাই রাভেনার হয়ে মাঠে নামার সম্ভাবনা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
