ব্যয় কমিয়ে ৭.৮৮ লাখ কোটি টাকার সংশোধিত বাজেট সংসদে
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। তিনি জানান, মূল বাজেটে সরকারের নিট ব্যয় ধরা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি কম থাকায় সংশোধিত বাজেটে ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সংশোধিত বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা দেশের জিডিপির ৩.৩ শতাংশের সমান। বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বাজেট বক্তব্য শেষে স্পিকার মঞ্জুরি দাবিগুলোর ওপর ভোটগ্রহণ কার্যক্রম শুরু করেন। তিনি জানান, সম্পূরক বাজেটে ২৫টি মঞ্জুরি দাবি রয়েছে। এসবের বিরুদ্ধে বিরোধী দলের সংসদ সদস্যরা ৩০৪টি ছাঁটাই প্রস্তাব জমা দিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে অর্থ, পরিকল্পনা, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় সরকার, পানি সম্পদ, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনসহ আটটি খাতের ওপর আলোচনা ও ছাঁটাই প্রস্তাব উত্থাপন করা হবে। অন্যান্য মঞ্জুরি দাবি সরাসরি ভোটে নিষ্পত্তি করা হবে বলে সংসদকে অবহিত করেন স্পিকার।
