আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে মঙ্গলবার মাঠে নামছে ১১ দল
গণহত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতি, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।
সোমবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।
এ ছাড়া একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ সীমান্ত পরিস্থিতি, সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন আইন লঙ্ঘন করলে তা প্রতিরোধ করা সরকারের দায়িত্ব। পাশাপাশি তিনি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
রিপোর্টার/ দৈনিক জুলাই ৩৬