গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে সাইফুল্লাহ বারী (২৪) নামে এ...
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে সাইফুল্লাহ বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সালাউদ্দিন (৩০) গুরুতর আহত হয়েছেন।
রোববার বিকেলে বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং রংপুরের একটি কামিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বাজারে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরে সাইফুল্লাহ ও তার বন্ধুর ওপর হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় সাইফুল্লাহকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। অপরদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।