ভেনেজুয়েলার উত্তর উপকূলে আবারও ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক দিন আগে বড় দুইটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর
ভেনেজুয়েলার উত্তর উপকূলে আবারও ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক দিন আগে বড় দুইটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর নতুন এই কম্পনে মানুষের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মারাকাই শহরের উত্তর-পশ্চিমে। তবে এই কম্পনে নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। রাজধানী কারাকাস ও মারাকাইয়ের অনেক বাসিন্দাও কম্পন অনুভব করেছেন।
গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৯২০ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন। উদ্ধার অভিযান চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে দেশটির সরকার।