মাদারীপুরের শিবচর উপজেলার একটি সালিশ বৈঠকে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার উত্তেজিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ...
মাদারীপুরের শিবচর উপজেলার একটি সালিশ বৈঠকে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার উত্তেজিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে এক বিএনপিকর্মীকে ধমক দিতে এবং টেবিল চাপড়ে কথা বলতে দেখা যায়।
জানা যায়, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের একটি মারামারির ঘটনার জেরে আয়োজিত সালিশে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৈঠকে এক পক্ষের বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা নির্ধারণের পর উপস্থিত কয়েকজন আপত্তি তুললে উত্তেজনা আরও বাড়ে।
সালিশে উপস্থিত বিএনপিকর্মী তারা মিয়া অভিযোগ করেন, বিচার প্রক্রিয়ায় সবার মতামত শোনার সুযোগ ছিল না এবং সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়ার চেষ্টা করা হয়। তিনি জরিমানার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।
অন্যদিকে, এমপি হানজালা বলেন, ঘটনাটি বেশ কিছুদিন আগের। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তিনি কঠোর ভাষায় সতর্ক করেছিলেন। তবে শেষ পর্যন্ত বিষয়টির সমাধান শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে দাবি করেন তিনি।
ভিডিওটি সম্প্রতি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।