গ্রেপ্তারের একদিন পর কারামুক্ত তারেক রেজা
ঝিনাইদহে গ্রেপ্তার হওয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৫ মে) সকালে তিনি কারাগার থেকে মুক্ত হন।
রোববার সন্ধ্যায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
তিনি সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন।
গ্রেপ্তারের সময় পুলিশ, সাদা পোশাকধারী বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।
গত ২২ মে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে গেলে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
ঘটনার পর তারেক রেজা ছাত্রদলের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
পরে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির পাল্টা মামলা করেন, যেখানে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করা হয়।
ওই পাল্টা মামলার ভিত্তিতেই সংবাদ সম্মেলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।