বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন ফারিন খান I দৈনিক জুলাই ৩৬
অভিনেত্রী ফারিন খান বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিন জানান, বেশ কয়েকটি সিনেমার গল্প ও চরিত্র নিয়ে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
তিনি বলেন, অভিনয় ক্যারিয়ারের শুরু হয়েছিল চলচ্চিত্রের মাধ্যমে। তার অভিনীত প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পায় প্রায় নয় বছর আগে। সে সময় তিনি পড়াশোনায় ব্যস্ত ছিলেন এবং পারিবারিক কারণেও নিয়মিত চলচ্চিত্রে কাজ করা সম্ভব হয়নি।
বর্তমানে নাটক ও মডেলিংয়ে সক্রিয় এই অভিনেত্রীকে গত ঈদে একাধিক নাটকে দেখা গেছে। এদিকে তার নতুন নাটক ‘রোদের জোছনা’ শিগগিরই প্রচারিত হবে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর।