হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে জয় দিয়ে ফিরল নরওয়ে . দৈনিক জুলাই ৩৬
দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে দারুণ সূচনা করেছে নরওয়ে। বস্টনে অনুষ্ঠিত গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ইউরোপের দলটি।
দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তারকা ফরোয়ার্ড এরলিং হালান্ড। বিশ্বকাপ অভিষেকেই দুটি গোল করে ম্যাচের নায়ক হন তিনি। প্রথমার্ধে একবার এগিয়ে দিয়েও ইরাকের সমতায় ফেরা দেখেছিল নরওয়ে। তবে বিরতির আগে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড।
দ্বিতীয়ার্ধে ইরাক কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি। ম্যাচের ৭৬ মিনিটে লিও ওস্টিগার্ড ব্যবধান বাড়ান। শেষদিকে হালান্ডের আক্রমণ থেকে আত্মঘাতী গোলে স্কোরলাইন ৪-১ হয়।
এই জয়ের ফলে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে উঠে এসেছে নরওয়ে। একই গ্রুপে জয় পাওয়া ফ্রান্স রয়েছে দ্বিতীয় স্থানে। আগামী ২২ জুন দুই দলের মুখোমুখি লড়াই গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।
