সিনেমা দেখে কান্নার ভিডিও ভাইরাল, ‘ভাড়া করা দর্শক’ অভিযোগ নাকচ। দৈনিক জুলাই ৩৬
বলিউড নির্মাতা ইমতিয়াজ আলীর নতুন সিনেমা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ প্রদর্শনীতে এক দর্শকের আবেগঘন কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ঘিরে কেউ কেউ দাবি করেন, সিনেমার প্রচারণার অংশ হিসেবে ওই ব্যক্তিকে অর্থের বিনিময়ে আনা হয়েছিল।
তবে এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ভিডিওতে থাকা দুষ্মন্ত আরোরা। পেশায় আইনজীবী ও কলামিস্ট এই ব্যক্তি জানান, তিনি কোনো প্রচারণার অংশ ছিলেন না। বরং সিনেমার গল্প তার ব্যক্তিগত জীবনের এক বেদনাদায়ক স্মৃতিকে মনে করিয়ে দেওয়ায় তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি।
দুষ্মন্ত বলেন, ছবিতে আলঝেইমার্সে আক্রান্ত এক বৃদ্ধের গল্প তুলে ধরা হয়েছে, যা তাকে সম্প্রতি প্রয়াত দাদির কথা মনে করিয়ে দেয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ভিডিওতে অভিনেতা বেদাঙ্গ রায়না হাসছিলেন না; তিনিও আবেগাপ্লুত ছিলেন।
ইমতিয়াজ আলী পরিচালিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। দেশভাগ ও স্মৃতিভ্রংশে আক্রান্ত এক বৃদ্ধের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে।